― Advertisement ―

spot_img

ইবি ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা রক্ষায় সক্রিয় বিএনসিসি-রোভার স্কাউট

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবি ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা রক্ষায় সক্রিয় বিএনসিসি-রোভার স্কাউট

ইবি ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা রক্ষায় সক্রিয় বিএনসিসি-রোভার স্কাউট

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও রোভার স্কাউট গ্রুপের সদস্যরা।

শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত বিজ্ঞান শাখার এই ভর্তি পরীক্ষায় ইবি কেন্দ্রে প্রায় ১১ হাজার ১৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

পরীক্ষা চলাকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষার্থীদের সহায়তায় কাজ করলেও সার্বিক দিকনির্দেশনা ও ব্যবস্থাপনায় নিরলস ভূমিকা পালন করে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ ও বিএনসিসির সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা দায়িত্ব পালন করছেন। তারা পরীক্ষার্থীদের কেন্দ্র ও কক্ষ খুঁজে পেতে দিকনির্দেশনা প্রদান, কেন্দ্রে প্রবেশের আগে তল্লাশি, হলে প্রবেশের লাইন সুশৃঙ্খল রাখা, বিভিন্ন ফটকে নিরাপত্তা নিশ্চিত করা, পরীক্ষার্থীদের ব্যক্তিগত সামগ্রী হেফাজতে রাখা এবং হলে পৌঁছে দেওয়ার কাজ করেন।

এছাড়াও অসুস্থ পরীক্ষার্থীদের হাসপাতালে পৌঁছে দেওয়া, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা এবং কক্ষ দেখিয়ে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন তারা।

সংগঠনের সদস্যরা জানান, স্বেচ্ছাসেবামূলক এই কাজের মাধ্যমে তারা দেশ ও জনগণের সেবা করার সুযোগ পাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা ও অনুষ্ঠানে তারা নিয়মিতভাবে প্রশাসনকে সহযোগিতা করে আসছেন।

আরও পড়ুনঃ হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের নতুন কড়া হুঁশিয়ারি

বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি খন্দকার আবু সায়েম বলেন, প্রতি বছর গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা নানামুখী সমস্যার সম্মুখীন হন। এ সময় রোভার স্কাউট সদস্যরা পথনির্দেশনা, তথ্য সহায়তা, মেডিকেল সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ইবি বিএনসিসি নৌ শাখার সিইউও ইফফাত বৃষ্টি বলেন, প্রতিবছরের মতো এবারও ভর্তিচ্ছুদের সার্বিক সহযোগিতায় বিএনসিসি ক্যাডেটরা দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে বিভিন্ন মোড় ও ভবনের সামনে সদস্যরা অবস্থান নিয়েছেন, যাতে পরীক্ষার্থীরা দ্রুত ও সুশৃঙ্খলভাবে নির্ধারিত ভবনে পৌঁছাতে পারেন।

তিনি আরও বলেন, কোনো পরীক্ষার্থী যাতে ডিজিটাল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে হলে প্রবেশ করতে না পারে, সে বিষয়েও বিএনসিসি সদস্যরা কঠোর নজরদারি বজায় রেখেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আস্থার প্রতিদান দিতে তারা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।