
তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এ বছর মোট ২ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ৮৭৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, যা মোট আবেদনকারীর প্রায় ৯২ শতাংশ।
রোববার (১২ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল ভবনে এক ঘণ্টাব্যাপী এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. সেকান্দার আলী।
আরও পড়ুনঃ পহেলা বৈশাখ: বাঙালির আত্মপরিচয় ও সর্বজনীন উৎসবের মহাকাব্য
ডি-ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্ধারিত আবেদনকারীদের মধ্যে প্রায় ৯২ শতাংশ পরীক্ষায় অংশ নিয়েছেন, যা সন্তোষজনক উপস্থিতির হার।
উল্লেখ্য, স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগ রয়েছে। এর মধ্যে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামিক অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ অন্তর্ভুক্ত। প্রতিবছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বতন্ত্রভাবে ‘ডি’ ইউনিটের ভর্তি কার্যক্রম পরিচালনা করে থাকে।



