― Advertisement ―

spot_img

জবি ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংকের আয়োজনে ব্যাংকিং খাতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংক পিএলসি’র যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ব্যাংকিং খাতে ক্যারিয়ার...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজবি ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংকের আয়োজনে ব্যাংকিং খাতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

জবি ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংকের আয়োজনে ব্যাংকিং খাতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংক পিএলসি’র যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ব্যাংকিং খাতে ক্যারিয়ার গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘Engaging & Inspiring Youth in Banking’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষভিত্তিক জ্ঞান অর্জন করলেই হবে না, পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন ও কর্মক্ষেত্রে সফল হওয়ার বিষয়েও সমান গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হলো শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করা, যাতে তারা নিজেদের কাঙ্ক্ষিত পেশাগত অবস্থানে পৌঁছাতে পারে।

তিনি আরও বলেন, এ লক্ষ্য অর্জনে বিভিন্ন প্রতিষ্ঠান ও করপোরেট সংস্থার সঙ্গে ক্যারিয়ারভিত্তিক সহযোগিতা ও সমন্বয়ের বিকল্প নেই। বর্তমান সময়ে ব্যাংকিং খাত একটি সম্ভাবনাময় কর্মক্ষেত্র উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের এ ধরনের আয়োজন থেকে বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণের আহ্বান জানান।

সেমিনারের মূল পর্বে ব্যাংকিং খাতে ক্যারিয়ার গঠন, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রে সফলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এম এম মাহবুব হাসান এবং এইচআর রিসেপশনের প্রতিষ্ঠাতা মো. সিরাজ উদ্দিন চৌধুরী।

কী-নোট বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্যাংকিং খাতের বর্তমান সুযোগ, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম মাহবুব হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তিনি বলেন, “কর্মক্ষেত্রে সফল হতে হলে আবেগকে কবর দিতে হয়। দিনশেষে আপনি কত মানুষকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারলেন, সেটার ওপরই আপনার প্রকৃত সফলতা নির্ভর করছে।”

তিনি বর্তমান যুবসমাজের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, কর্মসংস্থান সংকট, মানসিক স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে বাস্তব দক্ষতার ঘাটতি এবং আর্থিক সচেতনতার অভাব তরুণদের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে।

আরও পড়ুনঃ একই অধ্যাপক ইবির দুই ভিন্ন রাজনৈতিক সংগঠনের ভোটার, শিক্ষক মহলে প্রশ্ন

সেমিনারের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা ব্যাংকিং খাত ও ক্যারিয়ার নিয়ে নিজেদের বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। সেরা প্রশ্নদাতাদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি করপোরেট ইন্টারভিউয়ের বাস্তব অভিজ্ঞতা দিতে একটি ‘লাইভ মক ইন্টারভিউ’ সেশন আয়োজন করা হয়। এতে সেরা পারফরম্যান্সকারী শিক্ষার্থীকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূর এবং জবি ক্যারিয়ার ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক মো. শফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন জবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি একেএম তামীম রহমান, সাধারণ সম্পাদক রব্বানী রাশা রাতুলসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বক্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ব্যাংকিং খাতে ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।