― Advertisement ―

spot_img

জবি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব উন্নয়ন কর্মসূচির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এলডিপি) ২০২৬’-এর নতুন সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীত পরিবেশনের...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজবি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব উন্নয়ন কর্মসূচির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জবি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব উন্নয়ন কর্মসূচির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এলডিপি) ২০২৬’-এর নতুন সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

শুক্রবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের সেন্ট্রাল অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের মডারেটর শফিকুল আলম, প্রেসিডেন্সিয়াল প্যানেলের সদস্যবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত ক্লাবের অ্যালামনাইরা।

এ সময় তারা শিক্ষার্থীদের সঙ্গে কর্পোরেট জীবনের অভিজ্ঞতা বিনিময় করেন এবং ক্লাবিং কার্যক্রম কীভাবে তাদের পেশাগত জীবনে সহায়ক হয়েছে সে বিষয়ে আলোচনা করেন।

আকিজ গ্রুপ, কাজী অ্যান্ড কাজী টি, টপার্স একাডেমি, বার্জার পেইন্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অ্যালামনাইরা কর্পোরেট, ব্যাংকিং ও সিভিল সেক্টরের নানা দিক তুলে ধরেন। পাশাপাশি পেশাগত জীবনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে ক্লাবের সভাপতি একেএম তামীম রাহমান বলেন, “দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের ভবিষ্যৎ নেতৃত্ব প্রদানে সক্ষম করে গড়ে তোলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের মূল লক্ষ্য। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের আরও এগিয়ে নিতে ক্যারিয়ার ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। শিক্ষা ও কর্মজীবনের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করছে এই ক্লাব।”

সাধারণ সম্পাদক রাব্বানী রাশা রাতুল বলেন, “এলডিপি হলো ক্লাবের সদস্য সংগ্রহ কার্যক্রম। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতার আলোকে শেখার সুযোগ পাবে। পাশাপাশি ক্লাবের বিভিন্ন বিশেষায়িত টিমে কাজ করার অভিজ্ঞতা, এক বছরব্যাপী প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক সেশনে অংশগ্রহণের সুযোগ থাকবে। গত বছর নানা সীমাবদ্ধতার মধ্যেও ক্যারিয়ার ক্লাব ৪৫টি প্রতিষ্ঠান নিয়ে সফল জব ফেয়ারের আয়োজন করেছে। ক্লাবিং শিক্ষার্থীদের সুপ্ত দক্ষতা বিকাশের সুযোগ করে দেয়।”

আরও পড়ুনঃ বিএনসিসির সর্বোচ্চ পদবি সিইউও পেলেন ইবি শিক্ষার্থী মোসাদ্দেক

মডারেটর শফিকুল আলম বলেন, “ক্যারিয়ার গঠন করা মূলত শিক্ষার্থীদের নিজস্ব দায়িত্ব। ক্যারিয়ার ক্লাব কেবল সেই পথকে সহজ করতে সহায়তা করে। বিভিন্ন সেশন, ইভেন্ট ও প্রোগ্রামের মাধ্যমে ক্লাব শিক্ষার্থীদের কর্পোরেট জগতের সঙ্গে পরিচিত করে এবং নেটওয়ার্ক তৈরির সুযোগ সৃষ্টি করে। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে গড়ে তোলার দায়িত্ব শিক্ষার্থীদেরই।”

উল্লেখ্য, লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এলডিপি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সদস্য সংগ্রহ কার্যক্রম। অসংখ্য আবেদনকারীর মধ্য থেকে বিভিন্ন ধাপে যাচাই-বাছাই শেষে এ বছর ১০০ জন শিক্ষার্থীকে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এক বছরব্যাপী এ কর্মসূচির আওতায় তাদের নেতৃত্ব, যোগাযোগ ও ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা এবং সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হবে, যাতে তারা ভবিষ্যতের প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তুলতে পারে।