― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসগবেষণায় নতুন প্রণোদনা, জবির ৬৪২ শিক্ষার্থী পেলেন প্রায় ৯৬ লাখ টাকার অনুদান

গবেষণায় নতুন প্রণোদনা, জবির ৬৪২ শিক্ষার্থী পেলেন প্রায় ৯৬ লাখ টাকার অনুদান

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ গবেষণার পরিবেশ আরও শক্তিশালী করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতকোত্তর (থিসিস), এমফিল ও পিএইচডি পর্যায়ের ৬৪২ শিক্ষার্থীর মধ্যে মোট ৯৫ লাখ ৬৬ হাজার ৪০ টাকা গবেষণা অনুদান বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে গবেষণা অনুদানের চেক তুলে দেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন–এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জানানো হয়, যারা উপস্থিত থাকতে পারেননি, তাদের অনুদানের অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (ইএফটিএন)–এর মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৩–২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (থিসিস) পর্যায়ের ৪৯৮ শিক্ষার্থী জনপ্রতি ৯ হাজার ৯৮০ টাকা করে মোট ৪৯ লাখ ৭০ হাজার ৪০ টাকা অনুদান পেয়েছেন।

এছাড়া ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমফিল পর্যায়ের ৪৯ শিক্ষার্থীকে জনপ্রতি ২৪ হাজার টাকা করে মোট ১১ লাখ ৭৬ হাজার টাকা প্রদান করা হয়েছে।

অন্যদিকে, পিএইচডি পর্যায়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ৪০ জন, ২০২৩–২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় কিস্তির ২৫ জন এবং ২০২৪–২৫ শিক্ষাবর্ষের দ্বিতীয় কিস্তির ৩০ জনসহ মোট ৯৫ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৩৬ হাজার টাকা করে মোট ৩৪ লাখ ২০ হাজার টাকা গবেষণা অনুদান দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, “গবেষকদের গবেষণা অনুদানের চেক হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত। আগের শিক্ষাবর্ষের তুলনায় বর্তমানে প্রায় দ্বিগুণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে গবেষণায়। ক্রমবর্ধমান বৈশ্বিক প্রতিযোগিতার সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছাতে হলে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও জবাবদিহির সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।”

আরও পড়ুনঃ ফুলবাড়ীতে এনসিপি নেতার পদত্যাগ, আওয়ামী লীগ পুনর্বাসন ও অনিয়মের অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন বলেন, “আপনাদের হাতে এই অনুদান তুলে দিতে পেরে আমরা আনন্দিত। গবেষণা যেন মানসম্পন্ন হয়, সেদিকে আমাদের বিশেষ মনোযোগ দিতে হবে।”

অনুদানপ্রাপ্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এমফিল গবেষক মো. শাহরিয়ার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগ শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতে নতুন গবেষক তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ মো. গিয়াস উদ্দিন।