
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ এবং পরিবেশভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন লাইফ সোসাইটি–এর যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। ‘অল্প টাকায় গাছ’ শিরোনামের এ আয়োজনে মাত্র ৪০ টাকায় বিভিন্ন প্রজাতির গাছ সংগ্রহের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিবিএ ভবনের নিচে মেলার উদ্বোধন হয়। প্রথম দিনেই শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ও আগ্রহ লক্ষ্য করা যায়। আগামীকাল (২২ জুলাই) দ্বিতীয় দিনের কার্যক্রমের মধ্য দিয়ে মেলার সমাপ্তি হবে।
মেলায় ফিলোডেনড্রন, পথস, সিঙ্গোনিয়াম, পাতাবাহার, ক্যালাডিয়াম, ক্যালাথিয়া, এগ্লোনিমাসহ বিভিন্ন প্রজাতির ইনডোর ও ফুলগাছ প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। আয়োজকদের দাবি, মেলায় প্রায় ৫০টিরও বেশি প্রজাতির গাছ রাখা হয়েছে।
স্বল্পমূল্যে পছন্দের গাছ কিনতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহমিদা আক্তার। তিনি বলেন, “তাদের এই উদ্যোগটি আমাদের অনেক ভালো লেগেছে। আমি অনেক দিন ধরেই রুমের বারান্দার সৌন্দর্য বাড়ানোর জন্য ইনডোর প্লান্ট কেনার কথা ভাবছিলাম। কিন্তু নার্সারিতে দাম বেশি হওয়ায় কিনতে পারিনি। আজ স্বল্পমূল্যে গাছ সংগ্রহ করতে পেরে সত্যিই ভালো লাগছে।”
আয়োজন সম্পর্কে গ্রীন লাইফ সোসাইটির প্রতিষ্ঠাতা এহসানুল কিবরিয়া রাফি বলেন, “আমরা ‘অল্প টাকায় গাছ’ কর্মসূচির মাধ্যমে মানুষকে সবুজায়নে উদ্বুদ্ধ করতে এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতে চাই। বিভিন্ন জায়গায় এ ধরনের পরিবেশবান্ধব আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছি।”
আরও পড়ুনঃ গবেষণায় নতুন প্রণোদনা, জবির ৬৪২ শিক্ষার্থী পেলেন প্রায় ৯৬ লাখ টাকার অনুদান
তিনি আরও বলেন, “নার্সারিতে তুলনামূলক উচ্চমূল্যের ইনডোর প্লান্টগুলো আমরা এই মেলার মাধ্যমে স্বল্পমূল্যে দিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন হল, মেস কিংবা নিজেদের কক্ষের বারান্দা সবুজে সাজাতে পারেন, সে বিষয়টিকেই আমরা বেশি গুরুত্ব দিয়েছি।”
গ্রীন লাইফ সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, বৃক্ষমেলার পাশাপাশি সংগঠনটি ‘সাদাকাহ-ই-রমাদান’, ‘শারিকাতুল কোরবানি’, ‘উষ্ণতার তরী’ এবং ‘সোশ্যাল মাইন্ডস’–এর মতো বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তাদের বিনামূল্যে স্টল প্রদানের মতো কার্যক্রম পরিচালনা করে আসছে।
উল্লেখ্য, গ্রীন লাইফ সোসাইটি ২০২১ সালের ১৯ মার্চ প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি পরিবেশ সংরক্ষণ, মানবসেবা এবং সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।



