
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে নবগঠিত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।
প্রজ্ঞাপন অনুযায়ী, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্তে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের নির্ধারিত তারিখ—যেটি আগে হবে, ততদিন তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন, বিধি ও সংবিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি উপাচার্য অর্পিত ক্ষমতাও প্রয়োগ করবেন তিনি। প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নিয়োগের প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন বলেন, “আমি ইতোমধ্যে চাঁদপুরের উদ্দেশে রওনা দিয়েছি। নতুন একটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে গর্ব ও আনন্দের। তবে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং কর্মকর্তা-কর্মচারীর সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এসব চ্যালেঞ্জ অতিক্রম করে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে সর্বোচ্চ চেষ্টা করব। দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও এ বিশ্ববিদ্যালয়ের সুনাম প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই।”
অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমফিলের প্রথম পর্ব শেষ করে চায়না স্কলারশিপ কাউন্সিলের (সিএসসি) বৃত্তি নিয়ে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
আরও পড়ুনঃ ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবসহ চারজনকে অব্যাহতি
তাঁর গবেষণার মূল ক্ষেত্র জৈব সংশ্লেষণ (অর্গানিক সিনথেসিস), বিশেষ করে ডায়াজো রসায়ন। গবেষণায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একাডেমি অ্যাওয়ার্ড’ লাভ করেন।
দেশে ফিরে ২০১৫ সালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে যোগ দেন। এরপর থেকে দূষণ রসায়ন, বিশেষ করে বায়ুদূষণ, জৈব দূষক এবং পরিবেশের ওপর এসব দূষকের প্রভাব নিয়ে গবেষণা করে আসছেন। দীর্ঘদিন ধরে তিনি গবেষণা, উচ্চশিক্ষা ও একাডেমিক কার্যক্রমে সক্রিয় থেকে শিক্ষার্থীদের মধ্যে গবেষণাভিত্তিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।



