
জায়েদ মাহমুদ রিজন, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে উত্তেজনাপূর্ণ ফাইনালে নালিতাবাড়ী ইউনিয়নকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে ‘মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট’-এর চ্যাম্পিয়ন হয়েছে নয়াবিল ইউনিয়ন ফুটবল দল।
শুক্রবার বিকেলে উপজেলার কালাকুমা আলহাজ্ব আব্দুল খালেক মিনি স্টেডিয়ামে সামিউল হক স্পোর্টস একাডেমির আয়োজনে টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়।
শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে দুই দলের লড়াই। নির্ধারিত ৯০ মিনিটে গোলের জন্য উভয় দল একাধিকবার সুযোগ তৈরি করলেও কোনো দলই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।
এরপর ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানেও ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত নয়াবিল ইউনিয়ন ৪-৩ গোলে নালিতাবাড়ী ইউনিয়নকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে।
আরও পড়ুনঃ গ্যাস সংকটে টেক্সটাইল শিল্পের উৎপাদন ব্যাহত, দ্রুত পদক্ষেপ চায় আইটিইটি
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্চিতা বিশ্বাস, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিউল হকসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনালকে ঘিরে কালাকুমা মিনি স্টেডিয়ামে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ম্যাচের বাড়তি আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান ও অভিনেত্রী কেয়া পায়েল। তাঁদের উপস্থিতিতে দর্শকদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস।
খেলা শেষে বিজয়ী নয়াবিল ইউনিয়ন ও রানার্সআপ নালিতাবাড়ী ইউনিয়ন দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন অতিথিরা।



