― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসনিয়োগে লিখিতের নম্বর কমিয়ে ভাইভা বাড়ানোর প্রতিবাদে জবিতে মানববন্ধন

নিয়োগে লিখিতের নম্বর কমিয়ে ভাইভা বাড়ানোর প্রতিবাদে জবিতে মানববন্ধন

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ নিয়োগ পরীক্ষায় লিখিত অংশের নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষায় (ভাইভা) নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। আয়োজকদের অভিযোগ, লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভায় বেশি নম্বর রাখলে নিয়োগ প্রক্রিয়ায় দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও দুর্নীতির সুযোগ তৈরি হতে পারে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জকসুর নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর বণ্টনে ভারসাম্যহীনতার অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি, লিখিত পরীক্ষায় নম্বরের গুরুত্ব কমিয়ে ভাইভায় বেশি নম্বর নির্ধারণ করা হলে প্রার্থীদের মেধার নিরপেক্ষ মূল্যায়ন বাধাগ্রস্ত হতে পারে। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের সুযোগ তৈরি হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তারা।

জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “সরকার চাচ্ছে ভাইভা পদ্ধতির মাধ্যমে তাদের যত কর্মী, যত লোকজন আছে, তাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদগুলোতে অধিষ্ঠিত করতে। এর মাধ্যমে তারা এমন একটি ব্যবস্থা তৈরি করতে চায়, যাতে তাদের ক্যাডাররা শিক্ষার্থীদের বলতে পারে—‘ভাই, ভাইভায় নাম্বার বেশি।’ তুমি যদি ভাইয়ের রাজনীতি না করো, তাহলে তুমি ভাইভায় পাস করতে পারবে না।”

তিনি আরও বলেন, “আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আপনারা যদি এই সিদ্ধান্ত থেকে বের হয়ে না আসেন, বাংলাদেশের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে আপনাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করবে।”

একই সঙ্গে একের পর এক শিক্ষার্থীবিরোধী সিদ্ধান্ত নেওয়া হলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি।

জকসুর এজিএস মাসুদ রানা বলেন, “এসব কমিটি কার্ড, ভাইভা কার্ড—এ সমস্ত পদ্ধতির মাধ্যমে ছাত্রসমাজকে শান্ত করতে পারবেন না। নিজেদের দলীয় লোকদের চাকরিতে ঢোকানোর জন্য যে ষড়যন্ত্র করছেন এবং যেভাবে উপাচার্য নিয়োগ দিয়েছেন, সেই একই প্রক্রিয়ায় চাকরিতে দলীয় লোকদের বসানোর চেষ্টা আমরা মেনে নেব না।”

তিনি আরও বলেন, “ভালোয় ভালোয় শিক্ষার্থীদের দাবি মেনে নিন এবং ভাইভায় নম্বর বাড়ানোর এই অন্যায্য সিদ্ধান্ত পরিহার করুন।”

আরও পড়ুনঃ নারীর ছদ্মবেশে জবি ক্যাম্পাসে যুবক, শিক্ষার্থীদের হাতে আটক

জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহিন মিয়া বলেন, “আপনারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, সেগুলো থেকে সরে আসুন। শিক্ষার্থীদের সর্বোচ্চ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। লিখিত পরীক্ষা যেভাবে আছে, সেভাবেই রেখে অন্যান্য বিষয়গুলো—নিয়োগ প্রক্রিয়ার যেসব ত্রুটি ও অসংগতি রয়েছে—সেগুলো কীভাবে সুন্দর ও স্বচ্ছ করা যায়, তা নিয়ে আলোচনা করুন।”

তিনি আরও বলেন, “শুধুমাত্র ভাইভায় নম্বর বাড়িয়ে আপনারা সবকিছু নিয়ন্ত্রণ করবেন—এমনটা ভাবা আসলে ভুল। আশা করি, আপনারা বিষয়টি উপলব্ধি করবেন।”

মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—‘বেশি মার্ক ভাইভায়, চাকরি হবে পয়সায়’, ‘ভাইভা না মেধা, মেধা মেধা’ এবং ‘কোটা গেছে যে পথে, ভাইভা যাবে সে পথে’।

বক্তারা নিয়োগ প্রক্রিয়ায় মেধার সর্বোচ্চ মূল্যায়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি ভাইভায় নম্বর বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।