
মোঃ খালেদ হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স (বিএমটিএ) এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক ইফতার ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ মার্চ) স্টার কাবাবে সংগঠনের সভাপতি এস এম ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম মিঠু।
সভায় বক্তারা মেডিকেল টেকনোলজিস্টদের দীর্ঘদিনের দাবি, ১০তম গ্রেড বাস্তবায়ন এবং একটি যুগোপযোগী প্রাইভেট নীতিমালা প্রণয়নের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন। প্রধান অতিথির কাছে এই পেশাগত দাবিগুলো জাতীয় সংসদে উপস্থাপনের জন্য অনুরোধ জানানো হয়।
প্রধান অতিথি শহিদুল ইসলাম বাবুল এমপি মেডিকেল টেকনোলজিস্টদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিষয়টি সংসদে উত্থাপনের আশ্বাস প্রদান করেন। তিনি পেশাজীবীদের এই দাবি অত্যন্ত যৌক্তিক বলে মন্তব্য করেন।
আরও পড়ুনঃ ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্ট, শিক্ষার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ জাকসু সদস্যের বিরুদ্ধে
সভা সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ আব্দুর রহিম। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হারুন-অর রশিদ, সহ-সভাপতি এম কে পারভেজ, সহ-সভাপতি রেজা কামাল, সাংগঠনিক সম্পাদক মলয় বিশ্বাস, যুগ্ম মহাসচিব জিসান হাওলাদার, দপ্তর সম্পাদক ফেরদৌসি শেখসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শামীম শাহ-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৪০০ মেডিকেল টেকনোলজিস্ট অংশগ্রহণ করেন।



