
তোফায়েল আহমদ, স্টাফ রিপোর্টারঃ সিলেটের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীন বৃদ্ধি রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ১৫ অক্টোবর মঙ্গলবার বেলা ১১.৩০ টায় সিলেটের বিভাগীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
স্মারকলিপিটি প্রধান উপদেষ্টা, বানিজ্য উপদেষ্টা, কৃষি উপদেষ্টা এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বরাবর প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কে এম আলী আযম। স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের।
বক্তারা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের পদক্ষেপ যথেষ্ট নয় এবং সিন্ডিকেটবাজ ও মুনাফাখোরদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা প্রশাসনকে অকার্যকর পদক্ষেপ পরিহার করে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব না হলে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়বে এবং দেশের সার্বিক অর্থনীতি বিপর্যয়ের সম্মুখীন হতে পারে।
আগামী ১৪ দিনের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ১০ মিনিটের শোয়া কর্মসূচি পালন করা হবে।
অবস্থান কর্মসূচিতে বক্তৃতা করেন সিবিযুকস’র সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, প্রবাসী নেতা মোঃ আমিনুল ইসলাম, যুবনেত্রী কল্পনা আক্তার, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, এবং সিলেট মহানগর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইব্রাহীমসহ আরও অনেকে।
আরও পড়ুনঃ ছাত্রলীগ-আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে মানববন্ধন ও বিক্ষোভ
স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করে। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও শান্তি পুনঃপ্রতিষ্ঠা করা হয়। কিন্তু কুচক্রীমহল বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। এদের প্রতিহত করতে হলে ঘুষখোর, মজুতদার, ও মুনাফাখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বক্তারা আরও বলেন, প্রতিটি পাইকারী ও খুচরা বিক্রয়কেন্দ্রে মূল্য তালিকা প্রদর্শনের ব্যবস্থা করা প্রয়োজন, যাতে সাধারণ মানুষ সঠিক মূল্য অনুযায়ী পণ্য ক্রয় করতে পারে।
এই কর্মসূচির মাধ্যমে জনগণের দুঃখ-দুর্দশার কথা প্রশাসনের নজরে আনতে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।



