

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রদলের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজের মূল ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা নারীদের প্রতি সহিংসতা, ধর্ষণ ও অনলাইন হেনস্তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব বিষ্ণু চন্দ্র সেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, নন্দন চন্দ্র মিঠুন, আশরাফুল ইসলাম, হাসানুর রহমান, সুমন কুমার রায়, রমজান আলী রনি, জেলাল সরকারসহ আরও অনেকে। এছাড়া ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মিলন মিয়া, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম ও সিরাজুল ইসলামও কর্মসূচিতে অংশ নেন।
আরও পড়ুনঃ ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
বক্তারা বলেন, দেশে নারীদের ওপর সহিংসতা ও নিপীড়নের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে, যা সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তারা ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধের আহ্বান জানান।