
জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে লিচুর বিচি গলায় আটকে দম বন্ধ হয়ে মারা গেছে মাত্র চার বছরের এক শিশু। হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে সোমবার (৫ মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে। নিহত শিশুটির নাম রবিউল ইসলাম। সে ওই গ্রামের রেজাউল ইসলামের একমাত্র সন্তান।
পরিবার সূত্রে জানা গেছে, শিশু রবিউল খেলার ফাঁকে লিচু খাচ্ছিল। খাওয়ার সময় অসাবধানতাবশত একটি লিচুর বিচি গিলে ফেলে সে। এতে বিচিটি তার গলায় আটকে যায় এবং শ্বাস-প্রশ্বাসে বাধা সৃষ্টি হলে সে ছটফট করতে শুরু করে। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাত পৌনে নয়টার দিকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হুমায়ুন আহমেদ নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির শ্বাসনালিতে বাধা সৃষ্টি হওয়ায় তার মৃত্যু হয়েছে।
রবিউলের মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। সন্তানের নিথর দেহ দেখে বারবার মূর্ছা যাচ্ছেন তার শোকার্ত মা। একটি লিচুর বিচিই যে কাড়তে পারে একটি শিশুর প্রাণ, এই করুণ ঘটনা সবাইকে সতর্ক হওয়ার বার্তা দিয়ে গেল।



