

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নয়াবাজার এলাকায় ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু জবাই করে পঁচা মাংস বিক্রির চেষ্টাকালে এক কসাইকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃত কসাইয়ের নাম শাহিনুর রহমান (৪২)। তিনি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ভুরিয়ারকুটি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, রাতে শাহিনুর রহমান একটি বস্তায় করে পঁচা মাংস নিয়ে নয়াবাজার এলাকার একটি দোকানে পৌঁছানোর চেষ্টা করছিলেন। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাঁকে থামানো হয় এবং বস্তা খুলে দেখা যায় ভেতরে পঁচা ও দুর্গন্ধযুক্ত মাংস। ধারণা করা হচ্ছে, এটি ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত গরুর মাংস। বিষয়টি নিশ্চিত হওয়ার পর উত্তেজিত জনতা শাহিনুরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অসুস্থ গরুর মাংস বিক্রির মাধ্যমে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরি করা হচ্ছিল, যা কোনভাবেই মেনে নেওয়া যায় না।
আরও পড়ুনঃ মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ছালাম বলেন, “জনতার হাতে আটক শাহিনুরকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ রয়েছে, জব্দকৃত মাংস ল্যাম্পি রোগে আক্রান্ত গরুর। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় প্রশাসন ও জনসাধারণের তৎপরতায় সময়মতো এই ধরনের বিপজ্জনক কর্মকাণ্ড থামিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই।