
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি পিস্তল ও ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে যৌথবাহিনী। এ সময় উদ্ধার করা হয়েছে কয়েকটি দেশীয় অস্ত্র, গুলি, নগদ টাকা ও মাদক ব্যবসার সরঞ্জাম।
শুক্রবার (৮ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন মো. রাহাত খান নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
আটকরা হলেন— আহম্মদ ফারুক রবিন, আহম্মদ আল আরেফিন রিমন ও আহসান আহম্মেদ। রবিন ও রিমন পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মনির হোসেন মেম্বারের ছেলে এবং আহসান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্ছানগর এলাকার তোফায়েল আহম্মদের ছেলে।
আরও পড়ুনঃ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে দুই স্থানে মানববন্ধন
সেনাবাহিনী জানায়, আটক তিনজনের কাছ থেকে ২টি এলজি পিস্তল, ৩টি রাম দা, ৫টি চাকু, একটি পিস্তলের ম্যাগাজিন, ২টি গুলি, ৮৩ পিস ইয়াবা, সেনাবাহিনীর একসেট ইউনিফর্ম, নগদ ৩৬ হাজার টাকা, মাদক ব্যবসার হিসাবের ৪টি খাতা ও এক বান্ডেল ইয়াবা প্যাকেট করার ফুয়েল উদ্ধার করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিল এবং অস্ত্র ব্যবহার করে মানুষকে ভয়ভীতি দেখাতো। আটক তিনজনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”



