
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সবজির বাজারে চরম মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। কাঁচা মরিচের কেজি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। মাছ ও সবজির প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েছে দ্বিগুণের কাছাকাছি। মাছের দামও গত কয়েকদিনের তুলনায় কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ৮০ টাকার নিচে কোনো সবজি বাজারে মিলছে না।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে রামগঞ্জ বাইপাস সড়কের পৌর সবজিবাজার, সোনাপুর বাজার ও মাছ বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে প্রচুর ইলিশ থাকলেও দাম নাগালের বাইরে। ২শ গ্রাম আকৃতির ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬৫০ টাকায়।
সবজির বাজারে করোল্লা ১২০, টমেটো ১৮০, কাঁচা মরিচ ৩০০, কচুর লতি ১০০, কচুর চড়া ৮০, দেশী সীম ২৮০, মুলা ৮০, বেগুন ১২০, চিচিঙ্গা ৮০, পটল ৮০, ছোট কাকরোল ৮০, বরবটি ১২০, মুখিকচু ৮০, কচুর চড়া ১০০ এবং শশা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের মধ্যে মাঝারি আকারের কাতল কেজি ৩৫০ টাকা, বড় কাতল ৪৫০, বড় আকৃতির তেলাপিয়া ২৮০-২৯০, রুই মাছ ৩৫০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুনঃ ‘স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৫’-এর গ্র্যান্ড ফাইনাল: জড়নড় লাইফ চ্যাম্পিয়ন
ক্রেতা ইকবাল হোসেন বলেন, “১৫ দিন আগেও কোনো সবজির দাম ৫০ টাকার উপরে ছিল না। আজ আধা কেজি করে কয়েক প্রকার সবজি কিনতে ৫২০ টাকা লেগেছে। যা কয়েকদিন আগের তুলনায় অর্ধেকের বেশি বেড়েছে। আমি হয়তো কিনতে পারি, কিন্তু খেটে খাওয়া মানুষের জন্য এটা ভীষণ কষ্টকর।”
ব্যবসায়ী আরিফ হোসেন জানান, “টানা বৃষ্টির কারণে সব ধরনের সবজির দাম প্রতি কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।” মাছ ব্যবসায়ী ঈমান হোসেন বলেন, “বর্ষাকাল হলেও মাছের দাম কমেনি। পাইকারি ও খুচরা বিক্রির মধ্যে ১৫ থেকে ২০ টাকার পার্থক্য রয়েছে। হয়তো কিছুদিন পর দাম কিছুটা কমতে পারে।”



