
জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা’র উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ভোরের কাগজ’র প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম তালুকদার।
শনিবার (১৬ আগস্ট) রাতে প্রেসক্লাব কার্যালয়ে দীর্ঘ আলোচনা শেষে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এর আগে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৬ আগস্ট গঠিত ১১ সদস্য বিশিষ্ট পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। সভাপতি পদে একক প্রার্থী থাকায় সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় গোপন ভোটের মাধ্যমে জাহাঙ্গীর আলম তালুকদার জয়ী হন।
আরও পড়ুনঃ সড়ক দূর্ঘটনার কবলে ইবির শিক্ষকবাহী মিনি বাস
একইভাবে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের ডাক’র আবু ইলিয়াছ সাদ্দাম ও দৈনিক আলোর দিগন্ত’র আবদুল কবির। কার্যকরী সভাপতি হয়েছেন দীপ্ত টিভি’র জেলা প্রতিনিধি মো. মঞ্জুরুল আহসান। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠ’র ক্লোডিয়া নকরেক কেয়া, প্রচার সম্পাদক হয়েছেন মো. মামুন হোসেন, দপ্তর সম্পাদক মো. নিবির হোসেন মিলন এবং উপদেষ্টা নির্বাচিত হয়েছেন প্রবীণ সাংবাদিক লাল মো. শাহজাহান কিবরিয়া।
প্রেসক্লাবের বাকি পদগুলো নিয়ে শিগগিরই আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।



