
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার থানা রোডে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত গভীর রাতে মুখোশপরিহিত চোরের দল খাদেম সূ ফ্যাশন ও চৌধুরী হার্ডওয়্যারে হানা দিয়ে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে দুইজন চোর প্রথমে চৌধুরী হার্ডওয়্যারের পেছনের টিনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্স থেকে নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। এরপর পাশের খাদেম সূ ফ্যাশনের দেওয়াল ভেঙে দোকানে ঢুকে ক্যাশবাক্স ভেঙে ১ লাখ ১০ হাজার টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।
খাদেম সূ ফ্যাশনের মালিক গোলাম মর্তুজা মামুন জানান, চোররা চৌধুরী হার্ডওয়্যার থেকে দেওয়াল ভেঙে তার দোকানে প্রবেশ করে নগদ টাকা নিয়ে যায়। তিনি দোকানের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি নিশ্চিত করেন। তবে চোররা মুখোশ পরিহিত থাকায় তাদের চেনা সম্ভব হয়নি।
আরও পড়ুনঃ ইবিতে চারুকলা বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণে জোনাকি আগমন উৎসব
ঘটনার পর সকালে রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি রোমান হোসেন পাটোয়ারীসহ অন্যান্য ব্যবসায়ীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারী বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী ব্যবসায়ীকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



