
মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হলো বিশ্ব হার্ট দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “প্রতিটি হৃদস্পন্দনই জীবন”।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরীর বাকীর মোড়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুল মান্নান। প্রধান অতিথি ছিলেন ঢাকা এভারকেয়ার হাসপাতালের হার্ট ফেইলিউর অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি ও কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজির সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. মো. আতাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, রাজশাহী সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. ইফতেখার হোসেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিফ কনসালটেন্ট ও পরিচালক প্রফেসর ডা. মো. রইছ উদ্দিন মণ্ডল। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন প্রফেসর ডা. মো. রইছ উদ্দিন এবং আলোচক হিসেবে অংশ নেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এ.এস.এম. সায়েম।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মো. আতাহার আলী বলেন, হার্ট মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, আর প্রতিটি বিটই জীবন ও সুস্থতার জন্য অপরিহার্য। বুকের তীব্র ব্যথা, চলাফেরায় অস্বস্তি কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।
আরও পড়ুনঃ ইবির ৬ হলের প্রভোস্টদের পুনঃনিয়োগ
সভাপতির বক্তব্যে মো. আব্দুল মান্নান ফাউন্ডেশনের সম্প্রসারণ পরিকল্পনা তুলে ধরে জানান, দ্বিতীয় ধাপে ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি ও শিশু হৃদরোগ ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া জুন ২০২৬-এর মধ্যে একটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স সংযোজনের আশ্বাস দেন তিনি। ফাউন্ডেশনের উন্নয়নে সমাজের সামর্থবান মানুষের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাহী সদস্য মো. এনামুল হক ও মেডিকেল অফিসার ডা. নাফিসা লুবাবা নদী। কর্মসূচিতে ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন সদস্য, চিকিৎসক, সমাজসেবক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
দিনব্যাপী আয়োজনে হৃদ্রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং রোগীদের জন্য পরামর্শ কার্যক্রম পরিচালিত হয়।



