
মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড ও দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠান ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল চট্টগ্রামের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
৯ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় নগরীর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল চট্টগ্রামের কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন হাসপাতালের এজিএম মো. আজগর আলী এবং সভাপতিত্ব করেন ল্যাবএইড হাসপাতালের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ভাইস চেয়ারম্যান সাংবাদিক ইসমাইল ইমন, ল্যাবএইড হাসপাতালের ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) কিশোর কান্তি দাস, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের অ্যাডমিন হোসাইন আল মাসুদ, ডায়মন্ড ও ভিআইপি সদস্য আবু ইউসুফ মামুন, জসিম কুসুমপুরী, আবুল হাসান শহীদ, মো. আলী জিয়া, কামাল উদ্দিন ও খালেদ হাসান রুবেলসহ অনেকে।
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি খন্দকার এম এ হেলাল সিআইপি বলেন, “প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধারা বৈধ পথে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। তারা বিদেশে থেকে সবসময় পরিবারের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন থাকেন। ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সঙ্গে এই স্বাস্থ্যসেবা চুক্তি প্রবাসীদের পরিবারের স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বেগ অনেকটাই কমাবে।”
তিনি আরও বলেন, “এই সমঝোতা স্মারকের মাধ্যমে চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের সদস্যরা ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের বিশেষ ছাড় ও অগ্রাধিকারভিত্তিক স্বাস্থ্যসেবা পাবেন, যা প্রবাসীদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ল্যাবএইড হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ডা. মোহাম্মদ আলমগীর ও চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এবং পরস্পরের মধ্যে স্মারক কপি বিনিময় করেন।



