

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে অ্যাডভোকেট আশরাফুল আলমের বাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে পৌরশহরের কালিনগর এলাকায় এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ধারালো দা, লোহার রড ও বাঁশের লাঠিসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় আইনজীবীর মা রাহিলা খাতুন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, শেরপুর জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল আলম নালিতাবাড়ীর কালিনগর এলাকায় সংঘটিত একটি হত্যা মামলায় (জি.আর. নং ০৭/২০২৫, ধারা ১৪৩/৩২৬/৩০৭/৩০২/৫০৬/৩৪) বাদীপক্ষের পক্ষে মামলা পরিচালনা করছেন। মামলার কয়েকজন আসামি জামিনে বেরিয়ে দীর্ঘদিন ধরে তাকে মামলা থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ ও হুমকি দিয়ে আসছিলেন।
রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে আসামি রফিকুল ইসলাম (৪৪), নবাব আলী (২২), বাবু মিয়া (২৪), সাদ্দাম মিয়া (৩০) ও মাতাব মিয়া (৪২)সহ আরও কয়েকজন ধারালো দা, কিরিচ ও লোহার রড নিয়ে আইনজীবীর বাড়িতে হামলার চেষ্টা চালায়।
এসময় আশরাফুল আলম বাসায় না থাকায় তারা বাড়ির টিনের বেড়া ভাঙচুর করে। আইনজীবীর স্ত্রী বাধা দিলে তাকে ধাওয়া করা হয়। তিনি প্রাণ বাঁচাতে দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করে আত্মরক্ষা করেন। পরে তিনি ফোনে স্বামীকে ঘটনার কথা জানান।
আরও পড়ুনঃ ইবিতে সোচ্চার’র উদ্যোগে ‘মানবাধিকার ও যুবকদের ভূমিকা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালানোর সময় কয়েকটি অস্ত্র ফেলে যায়। পুলিশ সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
অন্যদিকে, অভিযুক্তদের পরিবার অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, “আমরা কারও বাড়িতে হামলা করিনি, আমাদের ওপর মিথ্যা অভিযোগ আনা হয়েছে।”