
জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ নকলা উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে সারাদেশের মতো শেরপুরের নালিতাবাড়ীতেও এক ঘণ্টার প্রতীকী কলম বিরতি পালন করেছেন কৃষি কর্মকর্তারা।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
আরও পড়ুনঃ লক্ষ্মীপুরে কৃষিতে নতুন বিপ্লব ১২ জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সোহাগের সাফল্য
বক্তারা বলেন, মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ দায়িত্ব পালনকালে একজন কর্মকর্তার ওপর হামলা চালানো অত্যন্ত ন্যাক্কারজনক ও অগ্রহণযোগ্য। এই ঘটনার বিচার না হলে কৃষি কর্মকর্তাদের মনোবল ভেঙে পড়বে এবং ভবিষ্যতে মাঠপর্যায়ের কাজ বাধাগ্রস্ত হবে।
উল্লেখ্য, গত বুধবার নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে মারধর ও হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয়। পাশাপাশি ভুক্তভোগীর পক্ষ থেকে নকলা থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করা যায়নি।



