
জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে এক আইনজীবীর বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (১২ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার হওয়া দুজন হলেন—নালিতাবাড়ী পৌরশহরের কালিনগর এলাকার শেখ ফরিদের পুত্র বাবু মিয়া (২৪) ও মৃত আছিম উদ্দিনের পুত্র মাতাব মিয়া (৪৬)।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “মামলার পরপরই পুলিশ অভিযান চালায়। গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে আইনজীবীর বাড়িতে ভাঙচুর, প্রাণনাশের হুমকি
উল্লেখ্য, গত রোববার (৯ নভেম্বর) বিকেলে পৌরশহরের কালিনগর এলাকায় আইনজীবী মো. আশরাফুল আলমের বাড়িতে হামলার ঘটনা ঘটে। তিনি একটি হত্যা মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে জামিনে থাকা আসামিপক্ষের লোকজন তাকে মামলা থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিচ্ছিল। কিন্তু তিনি রাজি না হওয়ায় তারা তার বাড়িতে হামলা চালিয়ে টিনের বেড়া ভাঙচুর করে।
ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রামদা ও লোহার রডসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে।



