
মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় ইস্কাফ মাদক (সিরাপ) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার শিমুলবাড়ী সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিজিবির ধাওয়া খেয়ে চোরাকারবারীরা সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যায়। তবে তাদের ফেলে যাওয়া ১৪৬ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যে জানা যায়—চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচারের প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে শিমুলবাড়ী বিওপি’র আওতাধীন শিমুলবাড়ী মাঠ এলাকায় বিজিবির একটি টহলদল অভিযান চালায়। টহল সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিদের দেখামাত্র ধাওয়া করলে তারা তাদের বহনকৃত মালামাল ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়।
আরও পড়ুনঃ ইবিতে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তারারমেলা শাখার পুরস্কার বিতরণী
পরে ফেলে রাখা মালামাল তল্লাশি করে ভারতীয় ইস্কাফ সিরাপের ১৪৬ বোতল উদ্ধার করে বিজিবি, যার আনুমানিক সিজার মূল্য ৫৮,৪০০ টাকা। ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের পরিচয় শনাক্তে তথ্য সংগ্রহ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর অঞ্চলগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।”



