
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলা ছাড়া এই মহামারি রোধ করা সম্ভব নয়। সমাজের প্রতিটি মানুষকে যেখানে আছেন, সেখান থেকেই মাদকবিরোধী অবস্থান নিতে হবে—কারণ মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার থেকে শুরু করে পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বড় ভাই ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ।
আরও পড়ুনঃ সাভারে শিক্ষার্থী হত্যা মামলার আসামী গ্রেফতার, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা
বক্তব্যে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, “যারা মাদক সেবন করে বা মাদক ব্যবসায় জড়িত, তারা নানা অপকর্মে যুক্ত থাকে। যদিও তারা সংখ্যায় কম, কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করছে। আমরা মাদক নির্মূলে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছি। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে একটি বৃহৎ সামাজিক আন্দোলন গড়ে তুলে আমরা সামনে এগিয়ে যাব।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “মাদকমুক্ত সমাজ গড়ে তোলার সংগ্রামে তরুণরাই হবে সামনের সারির সৈনিক।”



