

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের রাজমহল গুনিশার বাড়িতে চার বোনের প্রাপ্য ওয়ারিশি সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে আপন ভাই ও ভাবীদের বিরুদ্ধে। স্থানীয়ভাবে একাধিকবার শালিশ দরবার বসানো হলেও বিষয়টির কোনো সুরাহা হয়নি। উল্টো সম্পত্তির হিসাব চাইতে গেলে বোনদের হুমকি-ধমকি ও নাজেহাল করার অভিযোগ উঠেছে।
অভিযোগকারী পারুল বেগম ও কহিনুর বেগম জানান, তারা চার বোন ও তিন ভাই। পৈত্রিক সূত্রে লামচর ইউনিয়নের রাজমহল গুনিশার বাড়িতে প্রত্যেক বোন ২১ শতক করে মোট ৮৪ শতক জমির মালিক হন, যা তাদের নিজ নিজ নামে খারিজ করা রয়েছে। বাবা মৃত্যুবরণ করার পর বড় ভাই সামছুল ইসলাম ও মেঝো ভাই নুরুল ইসলামও মারা যান। ছোট ভাই আব্দুল মন্নান বর্তমানে প্রবাসে অবস্থান করছেন।
তাদের অভিযোগ, ছোট ভাই মন্নান ও তার স্ত্রী নুর জাহান বেগম এবং অহিদা বেগম স্থানীয় কিছু টাউট-বাটপারের সহযোগিতায় বোনদের প্রাপ্য জমি জোরপূর্বক দখলে রেখে দিয়েছেন।
ভুক্তভোগীরা আরও জানান, শালিশের নামে দীর্ঘদিন ধরে শুধু তালবাহানা করা হচ্ছে। সর্বশেষ সোমবার (১৫ ডিসেম্বর) পৈত্রিক বাড়িতে গিয়ে নিজেদের সম্পত্তির হিসাব চাইতে গেলে ভাবীদের নেতৃত্বে স্থানীয় রুবেল হোসেন, ভাড়াটিয়া স্বপন ও মোবারক তাদের নাজেহাল করেন।
এ সময় ননদের স্বামী আব্দুল মন্নানকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তারা। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান চার বোন।
আরও পড়ুনঃ ইবিতে সাজিদ হত্যার বিচারের দাবিতে অভিনব প্রতিবাদ
এ অবস্থায় অসহায় চার বোন তাদের পৈত্রিক সম্পত্তি বুঝে পেতে প্রশাসন ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে সহায়তা কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভাবী অহিদা বেগম ও নুর জাহান বেগম নাজেহাল করার অভিযোগ অস্বীকার করেন। তবে তারা স্বীকার করেন যে ননদরা তাদের ওয়ারিশি সম্পত্তি পাবেন এবং আগামী ছয় মাসের মধ্যে তা বুঝিয়ে দেওয়া হবে বলে জানান।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার শালিশ হয়েছে, তবে এখনো স্থায়ী সমাধান হয়নি।