
মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহীতে শীতের তীব্রতা যখন জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে, ঠিক তখন মানবিকতার উষ্ণতা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা সৈয়দ মোহাম্মদ মহসীন।
রোববার (১১ জানুয়ারি) গভীর রাতে রাজশাহীর বিভিন্ন এলাকায় এই মানবিক কর্মসূচি পরিচালিত হয়। রাতের শেষ প্রহরে যখন শীতের প্রকোপ সবচেয়ে বেশি অনুভূত হয়, তখনই নিজে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন সৈয়দ মোহাম্মদ মহসীন। তার এই উপস্থিতি ও সহমর্মিতায় অনেক অসহায় মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক মহানগর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ মহসীনের উদ্যোগে শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণকালে সৈয়দ মোহাম্মদ মহসীন বলেন, রাজনীতি শুধু ক্ষমতা বা পদ-পদবির বিষয় নয়, রাজনীতির প্রকৃত অর্থ হলো মানুষের পাশে দাঁড়ানো এবং দুঃসময়ে সহমর্মিতা দেখানো। শীতার্ত মানুষের মুখে কম্বল পেয়ে যে স্বস্তির হাসি ফুটে ওঠে, সেটিই এই উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুনঃ ইবিতে সাজিদ, হাদি ও মুসাব্বির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
তিনি আরও বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে তিনি সমাজের বিত্তবান ও রাজনৈতিকভাবে সচেতন সকলকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এসময় অনেক অসহায় মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন এবং এই মানবিক উদ্যোগে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শীতবস্ত্র বিতরণের এই কর্মসূচি রাজশাহীতে মানবিক রাজনীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। শীতের রাতে কম্বলের উষ্ণতা যেমন শরীরকে উষ্ণ করেছে, তেমনি এই মানবিক উদ্যোগ অসহায় মানুষের হৃদয়ে ছড়িয়ে দিয়েছে ভরসা ও ভালোবাসা।



