
নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাভার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে লোপা আক্তার নামের এক তরুণী বিষয়টি নজরে এনে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ‘Leo Rasel Sarkar’ নামের একটি ফেসবুক আইডি ব্যবহার করে বেগম খালেদা জিয়ার পরলোকগমন সংক্রান্ত সংবাদ প্রচারের সময় একটি ম্যাসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে, যা ইঙ্গিতপূর্ণ এবং সত্যকে প্রশ্নবিদ্ধ করার হীন প্রচেষ্টা। এছাড়া বছরান্তে দেওয়া আরেকটি পোস্টে কার্টুনের মাধ্যমে মর্যাদাহীন ভাষা ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, একই আইডি থেকে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের আগমন উপলক্ষে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত বিভিন্ন স্মারক ছবির সমালোচনা করা হয়েছে, যা অভিযোগকারীর মতে ফ্যাসিবাদী দোসরসুলভ মানসিকতার বহিঃপ্রকাশ। এসব পোস্টে জাতীয় দৈনিক ‘কালের কণ্ঠ’-এর নিবন্ধিত নাম নিয়েও বিদ্রুপ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আরও পড়ুনঃ জাতীয় নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রত্যাশা ও ভাবনা
অভিযোগকারী দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ড গণআন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ক্ষুণ্ন করার অপচেষ্টার অংশ এবং এতে জাতীয়তাবাদী পরিবারের সদস্যসহ গণতন্ত্রকামী জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হতে পারে।
এ বিষয়ে অভিযোগের তদন্তে নিযুক্ত সাভার থানার উপপরিদর্শক আলী জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তিনি ইতোমধ্যে কাজ শুরু করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলেও তিনি জানান।



