
মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় দুই যুবককে আটকের ৭ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৬-এর পাশে বিজিবি ও বিএসএফের ১৫ মিনিটের পতাকা বৈঠকের মাধ্যমে আটকের ৭ ঘণ্টা পর বিজিবি সদস্যরা দুই ভারতীয় যুবককে বিএসএফের কাছে হস্তান্তর করেন।
পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রহীম ও বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার লিটন মিয়া। ভারতীয় ০৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন ৬ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন করলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ইন্সপেক্টর) সুনীল কুমার।
এর আগে শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার বালারহাট সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৫-এর সাব পিলার ৩ এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় যুবককে হাতেনাতে আটক করে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার লিটন মিয়াসহ বিজিবির টহলদল।
দুই ভারতীয় যুবককে আটকের পর বিজিবির নায়েক সুবেদার লিটন মিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন। পরে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের নির্দেশে আটকের ৭ ঘণ্টা পর কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় দুই যুবককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুনঃ জাবিতে পলাশের রঙিন পাপড়িতে নতুন সাজে বসন্তের আগমন
আটককৃত ভারতীয় দুই যুবক হলেন, ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নট্টবাড়ী এলাকার সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২২) এবং একই জেলার সাহেবগঞ্জ থানার কিশামত করলা এলাকার জমির আলীর ছেলে ফারুক মিয়া (২২)।
এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, দুই ভারতীয় নাগরিককে আটকের ৭ ঘণ্টা পর বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।



