

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট শাহনাজ পারভীন।
দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং সামাজিক দায়বদ্ধতামূলক কাজের অভিজ্ঞতা তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
জানা গেছে, অ্যাডভোকেট শাহনাজ পারভীন বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য।
এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুড়িগ্রাম জেলা ইউনিটের আহ্বায়ক কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল কুড়িগ্রাম জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় রাজনীতিতে তার সম্পৃক্ততা দীর্ঘদিনের। ছাত্র রাজনীতি থেকে শুরু করে দলের বিভিন্ন সহযোগী সংগঠনে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও দলীয় আদর্শে অবিচল থেকে কাজ করে গেছেন। সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
আরও পড়ুনঃ মার্কেট দখল, ভাড়া বাণিজ্য, মাদক আড্ডা—স্বেচ্ছাসেবক দল নেতাকে ঘিরে গুরুতর অভিযোগ
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও তার অবদান উল্লেখযোগ্য। অসহায় মানুষের আইনগত সহায়তা প্রদান, নারী অধিকার রক্ষা, শিক্ষা উন্নয়ন এবং মানবিক কার্যক্রমে তিনি নিয়মিত সম্পৃক্ত রয়েছেন। স্থানীয়রা তাকে একজন ত্যাগী, সৎ ও সাহসী নেতৃত্ব হিসেবে দেখছেন।
সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেলে কুড়িগ্রামের সার্বিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন অ্যাডভোকেট শাহনাজ পারভীন।