
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জাসদ নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সহসভাপতি আব্দুল হামিদ রনু। উপস্থিত ছিলেন জাসদের জেলা শাখা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদর উপজেলার সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জেলা যুবজোটের সভাপতি মো. তরিকুল ইসলাম, পৌর জাসদের সভাপতি গোলাম মোস্তফা সবুর, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু হাসিবসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ রায়পুরে এক যুবতীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, গণতান্ত্রিক রাজনীতির স্বার্থে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
এসময় বক্তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রয়াত সকল জাসদ নেতাকর্মীদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



