― Advertisement ―

spot_img

খরবোনায় মাদক ইস্যুতে উত্তেজনা, অপপ্রচারের অভিযোগ

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বোয়ালিয়া থানার খরবোনা এলাকায় মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাদক ব্যবসার প্রতিবাদ করায় হামলার...
প্রচ্ছদসারা বাংলাখরবোনায় মাদক ইস্যুতে উত্তেজনা, অপপ্রচারের অভিযোগ

খরবোনায় মাদক ইস্যুতে উত্তেজনা, অপপ্রচারের অভিযোগ

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বোয়ালিয়া থানার খরবোনা এলাকায় মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাদক ব্যবসার প্রতিবাদ করায় হামলার চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং পরিকল্পিত অপপ্রচারের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা মোঃ শাকিল আহমেদ আলী।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দাও উপস্থিত থেকে তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

লিখিত বক্তব্যে শাকিল আহমেদ বলেন, খরবোনা এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছে, যার কারণে এলাকার তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে। এ অবস্থায় সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি এবং স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী অবস্থান গ্রহণ করেন।

তিনি জানান, গত শুক্রবার স্থানীয় মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে একটি মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্টদের প্রকাশ্যে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা উল্টো প্রতিক্রিয়া দেখায় এবং সভা-পরবর্তী সময়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শাকিল আহমেদের অভিযোগ, এরই ধারাবাহিকতায় গত সোমবার তার ছোট ভাই তুষারের ওপর হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালানো হয়। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে স্থানীয়রা এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তোলে, ফলে অভিযুক্তরা পালিয়ে যেতে বাধ্য হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, তাদের সামাজিক উদ্যোগকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে মাদক ব্যবসায়ী হিসেবে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার দাবি, তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো রেকর্ড বা মামলা নেই।

আরও পড়ুনঃ ব্রজলাল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বাছাই শুরু

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং ভিন্নমত দমনে অপপ্রচার ও ভয়ভীতি প্রদর্শনের পথ বেছে নিয়েছে।

এ সময় স্থানীয় বাসিন্দা সৈকত পারভেজ বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে অতীতে খরবোনা লেক এলাকা থেকে লুটপাটের অভিযোগ রয়েছে এবং একটি হত্যা মামলায়ও তাদের নাম জড়িত। তার ভাষ্য, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদকের সঙ্গে জড়িত থেকে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত আরও কয়েকজন এলাকাবাসী জানান, মাদক ব্যবসার কারণে এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

শাকিল আহমেদ সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান।