
মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার পুলিশের ধারাবাহিক ও প্রযুক্তিনির্ভর অভিযানে অপহরণকারীকে গ্রেফতার এবং অপহৃত তরুণীকে উদ্ধার করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা মামলা নম্বর-০৫, তারিখ ৬ এপ্রিল ২০২৬ অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ধারা ৭ এবং দণ্ডবিধির ৪২০/৪৬৮ ধারায় এজাহারভুক্ত আসামি মো. শাফায়েত হোসেন (২৩) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, রোশনি নামে এক তরুণীকে কৌশলে অপহরণ করা হয়। ঘটনার পরপরই বোয়ালিয়া থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে দ্রুত অভিযান শুরু করে।
পুলিশের প্রযুক্তিনির্ভর তৎপরতায় প্রথমে আসামির অবস্থান ঢাকায় শনাক্ত হয়। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামের নির্দেশনায় এসআই মাসুদ কবিরের নেতৃত্বে একটি দল ঢাকায় অভিযান চালায়। সেখানে মূল আসামিকে না পাওয়া গেলেও তার এক সহযোগীকে শনাক্ত করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়।
সহযোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান চালানো হয় চট্টগ্রামে। পরে চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে মো. শাফায়েত হোসেনকে গ্রেফতার এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় বোয়ালিয়া থানা পুলিশ।
আরও পড়ুনঃ রাজশাহী কলেজে কাল থেকে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গ্রেফতারকৃত শাফায়েত ও তার পরিবার দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। স্থানীয় সূত্রের অভিযোগ, তারা প্রভাবশালী ও স্বচ্ছল পরিবারকে টার্গেট করে বিভিন্ন কৌশলে অপহরণ করে অর্থ আদায় করত।
এছাড়া এলাকাবাসীর অভিযোগ, আসামির পিতা কালোজাদু বা তন্ত্র-মন্ত্রের সঙ্গে জড়িত এবং সেটিকে ব্যবহার করে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করতেন। তবে এসব বিষয়ও তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বোয়ালিয়া থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারের পর আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



