

শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, সাভার প্রতিনিধিঃ ঢাকার সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চারিগ্রামে সরকারি খাস পুকুর সংস্কারের জন্য বাজেট বরাদ্দ পেলেও কাজ শুরু না হওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা পুকুরটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন জটিলতায় তা থমকে আছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পুকুরটি দীর্ঘদিন ইজারাবিহীন থাকায় ঝোপঝাড়ে ভরে যায় এবং পরিবেশ দূষণ, মাদকসেবীদের আস্তানা ও রাতে চলাচলে ভীতির কারণ হয়ে দাঁড়ায়। এ অবস্থায় চারিগ্রাম মিতালী সংঘের উদ্যোগে পুকুরপাড়ের ঝোপঝাড় পরিষ্কার করে সংস্কারের প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে আবেদন জানালে পুকুর সংস্কারের জন্য বাজেট বরাদ্দ দেওয়া হয়।
তবে অভিযোগ রয়েছে, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি নিজেদের সুবিধার্থে পুকুরটিতে টয়লেটের বর্জ্য সংযোগ দেন, যা সংস্কার কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরেজমিনে গিয়ে সংশ্লিষ্টদের নিষেধ করলেও তারা তা উপেক্ষা করে এবং তাকে অপদস্থ করার অভিযোগও উঠে। ফলে পুকুর থেকে বর্জ্য অপসারণ না হওয়ায় কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাফর ট্রেডিং করপোরেশনের কর্ণধার দ্বীপু কনট্রাক্টর জানান, ফেব্রুয়ারি মাসে কাজ শুরু হলেও পরবর্তীতে পয়ঃবর্জ্য পুকুরে প্রবাহিত হওয়ায় সেচ দেওয়ার পরও আবার পুকুরটি দূষিত পানিতে ভরে যায়। এতে কাজ চালিয়ে যেতে তারা অনিহা প্রকাশ করেছেন এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করার কথা জানিয়েছেন।
আরও পড়ুনঃ ব্রজলাল কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
জানা যায়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ইজারাবিহীন খাস পুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্পের আওতায় ঢাকা জেলা প্রশাসনের অধীনে এই পুকুরটির সংস্কারের জন্য বাজেট বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের কার্যাদেশ অনুযায়ী ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার কথা।
বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত কাজ শুরু করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় এলাকাবাসী দ্রুত এই জটিলতা নিরসন করে পুকুরটি সংস্কার করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।