

রুবেল গাজী রায়পুর(লক্ষীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা-য় জমি নিয়ে বিরোধের জেরে মো. হানিফ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিবেশী আবদুল বারেকের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে।
রোববার (৩১ মে) সকালে উপজেলার চরপাতা ইউনিয়ন-এর গাছিরহাট গ্রামের পাটোয়ারীরপুল এলাকার হালিম দারোগার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মো. হানিফ ওই গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে এবং পেশায় কৃষি শ্রমিক ছিলেন।
নিহতের ছেলে রিপনের অভিযোগ, নিজেদের জমি থেকে মাটি কাটার সময় প্রতিবেশী আবদুল বারেক ওই জমিকে নিজের দাবি করে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তার বাবা জমির কাগজপত্র এনে বিষয়টির সমাধানের প্রস্তাব দিলে আবদুল বারেক ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন এবং কিল-ঘুষি মারেন।
তিনি আরও জানান, মারধরের একপর্যায়ে তার বাবা মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ ইবিতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে শাহিন মিয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।