

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটেছে। এ সময় বিএসএফের গুলিতে মনিরুল ইসলাম (২৬) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁকে আটক করে ভারতের একটি হাসপাতালে ভর্তি করারও দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে বিষয়টি যাচাই করছে বিজিবি।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক বাসিন্দার দাবি, সোনা পাচারের চেষ্টাকালে গুলিবিদ্ধ হন জীবননগরের হরিহরনগর গ্রামের মনিরুল। তাঁদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার পর মনিরুলসহ সাত বাংলাদেশি ডিঙিনৌকায় করে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি এলাকায় যান।
এ সময় ভারতের টুঙ্গি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে মনিরুলের ডান পায়ে গুলি লাগে। তাঁর সঙ্গে থাকা অন্য ছয়জন পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে বিএসএফ সদস্যরা আহত মনিরুলকে আটক করে ভারতের ভেতরে নিয়ে যান। তাঁকে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৫৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান জানান, বিএসএফ একটি গুলি ছুড়লে বিজিবি পাল্টা দুটি গুলি ছোড়ে। তবে বিএসএফের গুলিতে কোনো বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন কি না, তা খোঁজখবর নিয়ে যাচাই করা হচ্ছে।
আরও পড়ুনঃ ধৈর্য ও দায়িত্বশীলতায় অনন্য হৃদয়, চাপ সামলে প্রথম টেস্ট সেঞ্চুরি
তিনি আরও জানান, ঘটনার পর সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে অধিনায়ক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি শনিবার কোম্পানি কমান্ডার পর্যায়ে সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে শুক্রবার রাতে বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যায় ভারতের ভেতরে কাঁটাতারের বেড়ার পাশে গুলির শব্দ শোনা যায়। এ সময় মেদিনীপুর ক্যাম্পের বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাল্টা গুলি ছোড়ে।
ঘটনার বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, তিনি বিষয়টি শুনেছেন। তবে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাননি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।