

মো. মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টারঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে বলে মন্তব্য করেছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
শনিবার (৭ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আল-আমিন হালদার বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের মূল শিক্ষা হলো জাতীয় ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করা। জনগণের প্রত্যাশা পূরণে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হক বাচ্চু, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আশরাফুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান।
আরও পড়ুনঃ কক্সবাজার শিক্ষাসফরের বাস উল্টে শিক্ষকসহ নিহত ২, আহত ২০
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ব্যক্তিস্বার্থ ও ভেদাভেদ ভুলে জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দিবসটির চেতনায় উদ্বুদ্ধ হয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল আলিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।