

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৭১ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ ও ৪২ বোতল বিদেশি মদ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দ করা এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯১ হাজার ৪০০ টাকা।
রোববার (২২ নভেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মহানন্দা ব্যাটালিয়নের চামুচা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৬/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের আব্দুল আজিজের আমবাগানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও ৪২ বোতল বিদেশি মদ (কসমস ফিফটি) জব্দ করা হয়।
আরও পড়ুনঃ কোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে নাঃ ফজলুল হক মিলন
জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু, ইঞ্জিনিয়ার্স অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।