

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চলতি বছরের প্রথম ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৪৩১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে।
২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
জব্দ করা অস্ত্র ও বিস্ফোরকের মধ্যে রয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি ও ১৯টি ককটেল। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ কেজি ৯৬০ গ্রাম হেরোইন, ৫ হাজার ৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৩ হাজার ৫০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৬৭৭ বোতল বিদেশি মদ, ২৮৯ বোতল ফেনসিডিল ও ১৬১ পিস ইয়াবা।
আরও পড়ুনঃ হবিগঞ্জে জুয়ার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি
এ ছাড়া চোরাচালানি পণ্য হিসেবে ৩২৬টি গবাদিপশু, ৩৮৫টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ বিড়ি, বিড়ির পাতা ও মসলা জব্দ করা হয়েছে।
৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ৫৪ দশমিক ০৫ কিলোমিটার। এই সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র, মানবপাচার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সীমান্তে অপরাধ দমনে ড্রোন, সার্চলাইট ও অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে অভিযান পরিচালনা করছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী এবং সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সহযোগিতা কামনা করেছে ৫৩ বিজিবি।