

লুৎফর সিকদার, নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে পুরুষ প্রার্থীদের ১ হাজার ৬০০ মিটার দৌড় এবং নারী প্রার্থীদের ১ হাজার মিটার দৌড় পরীক্ষা নেওয়া হয়। পাশাপাশি প্রার্থীদের ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষাও সম্পন্ন করা হয়।
শারীরিক সক্ষমতা পরীক্ষা চলাকালে নিয়োগ বোর্ডের সভাপতি ও গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রমের সার্বিক বিষয় সরেজমিনে তদারকি করেন।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এআইজি (ট্রাফিক ম্যানেজমেন্ট) খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা এবং পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশের অতিরিক্ত পুলিশ সুপার জাকিয়া নুসরাত।
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক এবং গোপালগঞ্জ পুলিশ হাসপাতালের চিকিৎসক ও মেডিকেল অফিসার ডা. সঞ্চিতা কিত্তর্ণীয়া।
আরও পড়ুনঃ ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি
এ ছাড়া উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাসানুর রহমানসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
জেলা পুলিশ জানায়, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষার (পিইটি) সব ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীদের আগামী ৮ ডিসেম্বর ২০২৬ সকাল ১০টায় গোপালগঞ্জ সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
বাংলাদেশ পুলিশে যোগদানের স্বপ্ন নিয়ে নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণকারী সব প্রার্থীর জন্য শুভকামনা জানিয়েছে গোপালগঞ্জ জেলা পুলিশ।