

বিশেষ প্রতিবেদক, ঢাকা: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ৭ জানুয়ারি শুরু করার যে পরিকল্পনা করা হয়েছিল, তা পরিবর্তনের চিন্তাভাবনা করছে শিক্ষা বিভাগ। পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে আগামী মার্চে পরীক্ষা শুরুর বিষয়ে আলোচনা চলছে। এ ক্ষেত্রে মার্চের মাঝামাঝি সময়ে পরীক্ষা শুরু হতে পারে বলে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
শিক্ষা বিভাগের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান, রমজান ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা মার্চে শুরু করার বিষয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পবিত্র রমজান শুরু হতে পারে। সে হিসাবে রমজান ও ঈদুল ফিতর শেষে মার্চের মাঝামাঝি সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
এর আগে গত মে মাসে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছিলেন। সেই সময় জানানো হয়েছিল, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হতে পারে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার সম্ভাব্য সময়সূচি দেওয়া হয়েছিল।
তবে এসএসসি পরীক্ষা মার্চে নেওয়ার সিদ্ধান্ত হলে আগের ঘোষিত সময়সূচিতে পরিবর্তন আসবে।
এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা। প্রতিবছর এসব পরীক্ষায় সারা দেশের লাখো শিক্ষার্থী অংশ নেয়। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে দশম শ্রেণির পাঠ শেষ করার পর শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এইচএসসির ক্ষেত্রেও প্রায় একই ব্যবস্থা রয়েছে।
শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তি ও শিক্ষাবিদদের মতে, বছরের একটি নির্দিষ্ট সময়ে পাবলিক পরীক্ষা আয়োজন করা গেলে শিক্ষার্থীদের জন্য তা ইতিবাচক হবে। তবে এ জন্য শিক্ষার বিভিন্ন স্তরের শিক্ষাবর্ষ, পরীক্ষা ও ফল প্রকাশের সময়সূচির মধ্যে সমন্বয় প্রয়োজন।
দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনা মহামারির পর সেই সূচি আর ধরে রাখা সম্ভব হয়নি। বরং পরীক্ষার সময় আরও পিছিয়েছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয় এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় জুলাইয়ে।
আরও পড়ুনঃ রাশিয়ার আন্তর্জাতিক যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধি নালিতাবাড়ীর সোহেল
এ পরিস্থিতিতে আগামী বছরের পাবলিক পরীক্ষাগুলো আগের সময়সূচিতে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় শিক্ষা বিভাগ। প্রথমে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। এ নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। পরে অংশীজনদের নিয়ে আয়োজিত সভায়ও ডিসেম্বরে পরীক্ষা না নেওয়ার পক্ষে মত আসে।
এরপর ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে নেওয়ার পরিকল্পনা করা হয়। এখন এসএসসি পরীক্ষা মার্চে নেওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
বর্তমানে দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাবর্ষ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। উচ্চমাধ্যমিকের শিক্ষাবর্ষ শুরু হয় জুলাইয়ে। দেশের উচ্চশিক্ষার শিক্ষাবর্ষও জুলাই থেকে শুরু হয়। ফলে শিক্ষার বিভিন্ন স্তরের শিক্ষাবর্ষ ও পরীক্ষার সময়সূচির মধ্যে সমন্বয় করার বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে।
তবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারির পরিবর্তে মার্চে নেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।