

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের গুরুত্বপূর্ণ দুটি পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার ড. ওয়ালিউর রহমান এবং গ্রন্থাগারিক পদে একই অফিসের উপ-রেজিস্ট্রার খন্দকার আব্দুল মজিদ নিয়োগ পেয়েছেন।
শনিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাদের নিয়োগ দেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা এ পদে দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক নিজ নিজ পদের সকল সুবিধা পাবেন।
বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে জানানো হয়, আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক পদ থেকে অব্যাহতি দিয়ে ৮ মার্চ থেকে তার মূলপদ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ড. ওয়ালিউর রহমানকে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন
অন্য এক আদেশে জানানো হয়, শাহজাহান বেগমকে ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক পদ থেকে অব্যাহতি দিয়ে ৮ মার্চ থেকে তার মূলপদ উপ-গ্রন্থাগারিক পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত খন্দকার আব্দুল মজিদকে গ্রন্থাগারিক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়া পরীক্ষা নিয়ন্ত্রক ড. ওয়ালিউর রহমান বলেন, "এই গুরুত্বপূর্ণ পদের জন্য আমাকে মনোনীত করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গতিশীল রাখতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো এবং সৎ পরামর্শ প্রত্যাশা করি।"