

ওমর ফারুক জিলন, জবি প্রতিনিধিঃ জুলাই ২০২৪-এর ঐতিহাসিক ছাত্র আন্দোলনে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সাজিদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ সাজিদের পরিবারকে সম্মাননা স্মারক, নগদ অর্থ ও প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের সামনে শহীদের পরিবারের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “শহীদ সাজিদ আমাদের প্রেরণার উৎস। তার স্বপ্ন ও আত্মত্যাগকে স্মরণে রাখতে এবং তার পরিবারের পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের আন্দোলনের আদর্শ ও আত্মত্যাগ কেউ ভুলিয়ে দিতে পারবে না।”
আরও পড়ুনঃ স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে এক সপ্তাহের আল্টিমেটাম
ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, “জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও দায়বদ্ধতা রয়েছে। তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার কেবল সামান্য সহানুভূতির বহিঃপ্রকাশ নয়, বরং তা শহীদদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, রবিউল আউয়াল, রাশেদ এবং অনিক। অনুষ্ঠানে শহীদ সাজিদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন সবাই।