
ফারজানা আক্তার, বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামীকাল রোববার স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হতে যাচ্ছে। নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, “র্যাগিং বিষয়ে আমরা জিরো টলারেন্স। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ র্যাগিং করলে শৃঙ্খলা কমিটির মাধ্যমে তা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, আগের মতো এবারও আবাসিক হল ও একাডেমিক ভবনে অভিযোগ বক্স থাকবে, যেখানে পরিচয় গোপন রেখে অভিযোগ জানানো যাবে। এছাড়া প্রক্টর অফিসের ফোন নম্বর শিক্ষার্থীদের দেওয়া হবে যেন তারা যেকোনো সময় যোগাযোগ রাখতে পারেন। “আমরা এ ধরনের কালচার পুনরায় চালু হতে দেব না,” বলেন উপাচার্য।
বেরোবি ছাত্রদলের আহ্বায়ক আল আমিন বলেন, “আমরাও র্যাগিংয়ের বিরুদ্ধে। এসব কালচার তৈরি করেছে ছাত্রলীগ। সিনিয়র-জুনিয়রের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকা উচিত। যদি কোনো শিক্ষার্থী র্যাগিংয়ে জড়িত থাকে, রাজনৈতিক হোক বা না হোক, অবশ্যই প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত।”
আরও পড়ুনঃ নারী এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সমীকরণ: ইতিহাস গড়ার পথে এক ধাপ দূরে
ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মুরাদ বলেন, “কোমলমতি নবীন শিক্ষার্থীদের প্রতি অমানবিক, অপমানজনক বা জবরদস্তিমূলক আচরণ কাম্য নয়। ভয় দেখানো, অপ্রয়োজনীয় নিয়ম চাপিয়ে দেওয়া, শারীরিক বা মানসিক কষ্ট দেওয়া, অপমান করা বা অশোভন আচরণ বন্ধ করতে হবে। আমরা আশা করি নবীনদের ভালোবাসা, সুন্দর পরামর্শ ও শোভন আচরণের মাধ্যমে বরণ করা হবে।”
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসবীউল হাবিব নিশাদ বলেন, “নতুন পরিবেশে নবীনরা প্রথমে সমস্যায় পড়তে পারে। আমরা শুরু থেকেই তাদের সহায়তা করব। আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো র্যাগিং কালচার নেই। তারা আমাদের ছোট ভাই-বোন, আমরা সবসময় ইতিবাচক মনোভাব নিয়ে তাদের পাশে থাকব।”



