
মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের মিলনায়তনে ইসলামিক কালচারাল ফোরাম (আইসিএফ)-এর উদ্যোগে এবং কলেজ প্রশাসনের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আফাজ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মো. আতোয়ার রহমান। এছাড়াও বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মুখ্য আলোচনায় অধ্যাপক ড. আতোয়ার রহমান বলেন, “আল্লাহ ও রাসুল (সাঃ)-কে ভালোবাসলে ইহকাল ও পরকালের জীবন হবে সুশৃঙ্খল ও সুন্দর। জীবনে সফলতার জন্য ইসলামী শরিয়ত অনুযায়ী জীবন গঠন করা জরুরি। যুব সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে হলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “যৌবনকালের আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এই সময়টাতে শরিয়তের বিধান মেনে চলতে হবে। বর্তমান নৈতিক অবক্ষয় ঠেকাতে যুব সমাজকে চরিত্রবান হয়ে উঠতে হবে, যেন তারা সমাজের প্রকৃত সম্পদে পরিণত হয়।”
আরও পড়ুনঃ আশ্বাসের ফুলঝুড়িতে ইবি প্রশাসনের এক বছর
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, “ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজনের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের ইসলামের বার্তা পৌঁছে দেওয়া। ইসলামী সংস্কৃতির আলোকে জীবনযাপনে উদ্বুদ্ধ করা। বিদ্বেষ, হিংসা ও পাপকাজ থেকে দূরে থাকার শিক্ষা যদি আমরা বাস্তবে প্রয়োগ করতে পারি, তবে এ অনুষ্ঠানই হবে সফল।”
অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করা হয়। স্বাগত বক্তব্য রাখেন আইসিএফ-এর উপদেষ্টা ও আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুর রাকিব। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় এবং সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।



