
ইকরাম হাছান, তিতুমীর কলেজ প্রতিনিধিঃ রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং তিতুমীরস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের অন্যতম পৃষ্ঠপোষক হাসান উল্লাহ মির্জা কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন।
তাঁর ঘনিষ্ঠ সূত্র জানায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসকের পরামর্শে তিনি বর্তমানে সম্পূর্ণ বিশ্রামে আছেন। গত চার–পাঁচ দিনে তাঁর অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।
হাসান উল্লাহ মির্জার অসুস্থতার খবরে তিতুমীরস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের শিক্ষার্থী ইউসুফ আহমেদ বলেন, “হাসান উল্লাহ মির্জা ভাই শুধু আমাদের জেলার কল্যাণের দায়িত্বশীল একজন নয়, তিনি পুরো তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার প্রতীক। তাঁর অসুস্থতার সংবাদে আমরা সবাই ব্যথিত। আল্লাহর কাছে দোয়া করি, তিনি দ্রুত আরোগ্য লাভ করুন।”
আরও পড়ুনঃ রাজবাড়ীতে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা, আহত ২ পুলিশ সদস্য
হাসান উল্লাহ মির্জা দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি, সামাজিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত। সদ্য প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের হলে হলে গিয়ে স্কেল, ফাইল, কলমসহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। শিক্ষার্থীদের সুখ–দুঃখে পাশে থাকায় তিনি তিতুমীর কলেজে অত্যন্ত জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত।
এদিকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়ার আহ্বান জানিয়েছেন সহপাঠী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।



