
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতিসংঘের মানবাধিকার কমিশন ও সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশের যৌথ পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী ‘মানবাধিকার ও যুবকদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনের ১০২ নম্বর কক্ষে এই কর্মশালার আয়োজন করে সোচ্চার স্টুডেন্ট’স নেটওয়ার্ক ইবি চ্যাপ্টার।
আয়োজনে সভাপতিত্ব করেন সোচ্চার স্টুডেন্ট’স নেটওয়ার্ক ইবি চ্যাপ্টারের সভাপতি আব্দুল্লাহ আল রাহাত। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের গভর্নেন্স বিশেষজ্ঞ ও সিনিয়র মানবাধিকার কর্মকর্তা জাহিদ হোসাইন, সোচ্চার টর্চার ওয়াচডগের প্রজেক্ট ম্যানেজার ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সুমাইয়া তামান্না এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও সোচ্চার ট্রমা ম্যানেজমেন্ট ও সাপোর্ট বিভাগের সহকারী পরিচালক সুমাইয়া তাসনিম।
এ ছাড়া সংগঠনটির উপদেষ্টা ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর আহমেদ শিবলু ও সদস্যসহ ৩০ জন নির্বাচিত প্রশিক্ষণার্থী অংশ নেন।
প্রশিক্ষণে জাহিদ হোসাইন ‘মানবাধিকারের মৌলিক বিষয় ও জাতিসংঘের মানবাধিকার প্রক্রিয়া’, সুমাইয়া তাসনিম ‘ট্রমাটাইজড অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সহায়তা’ এবং সুমাইয়া তামান্না ‘ক্যাম্পাসে মানবাধিকার ডকুমেন্টেশন ও এক্টিভিজমের চ্যালেঞ্জ’ বিষয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. ফকরুল ইসলাম বলেন, “আমরা জেলায় জেলায় রাজনৈতিক বিশ্ববিদ্যালয় গড়েছি। অথচ আমাদের প্রয়োজন ছিল গুণগত পরিবর্তন। আমরা আমাদের স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি এ প্লাস। অথচ আমাদের সমাজে নারীদের মূল্যায়ন নেই, মানুষের নিরাপত্তা নেই। এটাই কি উন্নয়ন? সক্রেটিস বলেছেন নো দাই সেল্ফ।”
তিনি আরও বলেন, “আমরা অধিকার নিয়ে কথা বলি কিন্তু আমাদের কর্তব্য আমরা জানিনা। এসব আমাদের ভাবতে হবে। নলেজ ইজ পাওয়ার বলতে একাডেমিক শিক্ষার কথা বলা হয়নি। এখানে সৎ জ্ঞান, সৎ গুণ অর্জনের কথা বলা হয়েছে। এজন্য দরকার ধর্মীয় শিক্ষার। কিন্তু ধর্মীয় শিক্ষা বলতে আমাদের বোঝানো হতো জামাত শিবির। অথচ প্রতিটি ধর্মেই নৈতিকতা ও ভার্চুয়াল নলেজ দেয়া হয়েছে। আমরা যেহেতু সোচ্চারের সাথে কাজ করছি, সোচ্চার যেহেতু আমাদের অধিকারের কথা বলে, এর সাথে আমাদের কর্তব্যের বিষয় খেয়াল রাখতে হবে। তবেই আমরা একটি সুন্দর ক্যাম্পাস ও সুন্দর দেশ পাবো।”
আরও পড়ুনঃ ববি শিক্ষকের বিরুদ্ধে ‘ভিত্তিহীন’ সংবাদ প্রচারের অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন
সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল রাহাত বলেন, সোচ্চার টর্চার ওয়াচডগ যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিসেবে শিক্ষার্থীদের নির্যাতন প্রতিরোধ, আইনি সহায়তা, মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করছে।
তিনি জানান, এর ধারাবাহিকতায় গতকাল তিন শতাধিক শিক্ষার্থীকে নিয়ে জুলাই বিপ্লব বিষয়ক জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনের ওপর সেমিনার আয়োজনের পর আজ ৩০ জনকে নিয়ে উন্নত মানবাধিকার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে ইনক্লুসিভ ও নিরাপদ ক্যাম্পাসে পরিণত করতে সংগঠনটি আগামী দিনেও সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাবে।



