

মো: আলিফ হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রথমবারের মতো মাদ্রাসা শিক্ষাপৃষ্ঠভূমি থেকে আগত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজন করা হলো ব্যতিক্রমী অনুষ্ঠান ‘নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৫’।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস ভবনের দ্বিতীয় তলায় শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র মিলনায়তনে মিল্লাতিয়ান্স অ্যাসোসিয়েশন অফ মাভাবিপ্রবির উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া মাদ্রাসা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে স্বাগত জানানো এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানানোর উদ্দেশ্যে এই আয়োজনে অংশ নেন নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা। আয়োজকরা বলেন, এই অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক একাত্মতা, আত্মবিশ্বাস ও উদ্দীপনা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশিত হয় ইসলামী সংগীত, দারসুল কুরআন ও শুভেচ্ছা বক্তব্য। অনুষ্ঠানে নবদীশা শিল্পীগোষ্ঠীর মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। নবীন শিক্ষার্থীরাও তাদের অনুভূতি ও অভিজ্ঞতা ব্যক্ত করার সুযোগ পান।
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে আইনজীবীর বাড়িতে হামলা মামলায় দুই আসামি গ্রেফতার
মিল্লাতিয়ান্স অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ নবীনদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এবং সদস্য সচিব নতুনদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আহ্বায়ক শাহ পরান শুভ নবীনদের শুভকামনা জানিয়ে বিশ্ববিদ্যালয় জীবনে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করা হয়। পরে আগত অতিথি ও নবীন শিক্ষার্থীরা প্রীতিভোজে অংশগ্রহণ করেন এবং স্মৃতি ধরে রাখতে ফটোসেশনে অংশ নেন। মাদ্রাসা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে এমন উদ্যোগে শিক্ষাঙ্গণে ইতিবাচক সাড়া ফেলেছে এবং সবার প্রশংসা কুড়িয়েছে মিল্লাতিয়ান্স অ্যাসোসিয়েশন।