spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসসম্ভাব্য ভূমিকম্পের ঝুঁকি নিরসনে রাজশাহী কলেজ ছাত্রদলের স্মারকলিপি

সম্ভাব্য ভূমিকম্পের ঝুঁকি নিরসনে রাজশাহী কলেজ ছাত্রদলের স্মারকলিপি

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ সাম্প্রতিক ভূমিকম্পে দেশের বিভিন্ন অঞ্চলে ঝুঁকি বাড়ায় রাজশাহী কলেজ ক্যাম্পাসের পুরোনো স্থাপনা ও হোস্টেলের সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী কলেজ ছাত্রদল। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে ছয় দফা দাবিতে রোববার (২২ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. খালিদ বিন ওয়ালিদ আবির, সদস্য সচিব মো. আমিনুল ইসলাম, মহানগর সাইবার দলের সাধারণ সম্পাদক মু. যুবাইর রশীদসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কলেজের বিভিন্ন হোস্টেলের দেয়ালে ফাটল, সিঁড়িতে দুর্বলতা, বহু ভবনের ভগ্নদশা এবং পুরোনো কাঠামোর কারণে শিক্ষার্থীরা চরম ঝুঁকিতে রয়েছে। এসব ভবনের ‘স্ট্রাকচারাল সেফটি টেস্ট’ দ্রুত শুরু করতে PWD কিংবা কলেজের ইঞ্জিনিয়ারিং টিম দিয়ে জরুরি পরিদর্শনের দাবি জানানো হয়।

বিশেষ করে হিন্দু হোস্টেলের পরিত্যক্ত ব্লকগুলোকে মারাত্মক ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ছাত্রদল জানায়, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এসব ভবন শিক্ষার্থীদের জন্য হুমকি হয়ে উঠেছে। তারা ভবনগুলো দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ এবং সেখানে বসবাসরত শিক্ষার্থীদের অস্থায়ীভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানায়।

স্মারকলিপিতে একাডেমিক ভবন, প্রশাসনিক ব্লক, লাইব্রেরি, মিলনায়তন, মহসিন ভবন, ফুলার ভবন এবং বিভিন্ন ল্যাবের ভূমিকম্প-সহনশীলতা নির্ণয়ে সমন্বিত নিরাপত্তা মূল্যায়নের দাবি জানানো হয়। ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত হলে দেরি না করে সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়ারও অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুনঃ ইবির তিন বিভাগে ৩০ আসন বৃদ্ধি

জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় শিক্ষক-শিক্ষার্থীদের জন্য রেসকিউ ড্রিল, ইভাকুয়েশন ট্রেনিং এবং ভূমিকম্প প্রতিরোধী রেসপন্স সেশন আয়োজনের দাবি জানায় সংগঠনটি। পাশাপাশি প্রতিটি ভবনে ইমার্জেন্সি এক্সিট, অ্যালার্ম সিস্টেম, ফায়ার এক্সটিংগুইশার স্থাপন এবং হোস্টেলের পাশের ঝুঁকিপূর্ণ গাছ ও দেয়াল অপসারণের দাবি করা হয়।

ভূমিকম্প–সচেতনতা বাড়াতে পোস্টার ক্যাম্পেইন, সেমিনার, জরুরি যোগাযোগ নম্বর প্রচার এবং হোস্টেল সুপারদের নেতৃত্বে নিয়মিত সেফটি ব্রিফিং চালুর প্রস্তাবও স্মারকলিপিতে তুলে ধরা হয়।

রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, “শিক্ষার্থীদের জীবন সবার আগে। ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। প্রশাসন যথাসময়ে পদক্ষেপ নিলে বড় ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব হবে।”