
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
রবিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রোভিসি প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. আলীনুর রহমান, হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মতিনুর রহমান, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশরাফীসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
আরও পড়ুনঃ সংস্কারের দাবিতে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের
এছাড়া দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আলীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।
দোয়া মাহফিলে উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। জাতীয় ঐক্য ও গণতন্ত্রের অগ্রযাত্রায় তাঁর উপস্থিতি বিশেষ গুরুত্বপূর্ণ। ১৯৮১ সাল থেকে তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আসছেন এবং অসংখ্য জুলুম-নির্যাতন সহ্য করেছেন। আমরা তাঁর সুস্থতার জন্য আরও বেশি বেশি দোয়া করবো। দোয়ার মাধ্যমে হায়াত বৃদ্ধি পায়—আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন।”



